২১ আগস্ট গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হানিফের নামে চলা হানিফ পরিবহন বন্ধের দাবি জানিয়েছে একদল তরুণ। অবিলম্বে এই পরিবহন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান তারা।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর হানিফ পরিবহনের কমলাপুর কাউন্টারের সামনে মানববন্ধন করেন একদল তরুণ। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এস এম রাসেল জাহিদের নেতৃত্বে তারা এই মানববন্ধন করেন।
এই বিষয়ে জানতে চাইলে আন্দোলনের আহ্বায়ক এস এম রাসেল জাহিদ বলেন, হানিফ পরিবহন বন্ধের দাবিতে কমলাপুর কাউন্টারের সামনে সোমবার মানববন্ধন করেছি। আগামীকাল (৩০ আগস্ট) আমরা একইসঙ্গে চারটি কাউন্টারের সামনে আন্দোলন করব।
এরমধ্যে কমলাপুর, ফকিরাপুল, মালিবাগ ও আরামবাগ কাউন্টার রয়েছে।
এসব কর্মসূচীতে কাজ না হলে প্রধানমন্ত্রী কার্যালয়সহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
রাসেল জাহিদ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার চূড়ান্ত রায় হয়েছে ২০১৮ সালে। ২০১৯ সাল পর্যন্ত আন্দোলন চলমান ছিল। করোনা পরবর্তী সময়ে আমরা আবারও সক্রিয়। এবার এর শেষ দেখেই ছাড়ব। আমাদের একটাই দাবি হানিফের নামে কোনো পরিবহন এই দেশে চলবে না।
এ বিষয়ে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানান, আন্দোলনের বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ কোন পরিবহন চলবে, আর কোনটি না চলবে তার দেখভাল করে বিআরটিএ।
২০০৪ সালের ২১ আগস্টে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ পলাতক আছেন।